দুই জেলাকে সংযুক্ত করে পদ্মাসেতুতে ২৮তম স্প্যান বসবে আজ

কারিগরি কোন জটিলতা ও অনুকূল আবহাওয়া দেখা না দিলে পদ্মাসেতুতে ২৮তম স্প্যান বসবে আজ। সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের ওপর বসানো হবে স্প্যানটি। সেতুর ২৮তম স্প্যান মুন্সীগঞ্জ ও মাদারীপুর জেলাকে সংযুক্ত করবে। এর মধ্যদিয়ে দৃশ্যমান হবে সেতুর ৪ হাজার ২০০ মিটার।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে, মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে নিয়ে আসা হয়। ২৭তম স্প্যান বসানোর ঠিক ১৪ দিনের মাথায় বসতে যাচ্ছে ২৮তম স্প্যানটি। চলতি মাসের শেষ সপ্তাহে ২৯তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে প্রকৌশলীদের।

মূল সেতুর নির্বাহী প্রকৌশলী বলেন, বর্তমানে ৬০ শতাংশ দেশি শ্রমিকের পাশাপাশি চীনা প্রকৌশলীরাও কাজ করছেন। তাই, সংক্রমণ এড়াতে এবং শ্রমিক ও প্রকৌশলীদের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি জাজিরা প্রান্তে কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে। বিদেশি প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সেখানে নির্দিষ্ট সময় রাখা হচ্ছে। করোনাভাইরাসের প্রভাবে কাজের গতি পিছিয়ে গেলেও নির্দিষ্ট সময়ে সেতুর কাজ শেষ করতে চেষ্টার কমতি নেই বলেও উল্লেখ করেন তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর