সাকিবকে করোনার ‘উপহার’

করোনার কারণে ২২ গজ থেকে দূরে সব ক্রিকেটার। কিন্তু সাকিব যে অনেক আগ থেকেই ব্যাট-বলের লড়াই থেকে দূরে। তারপরও করোনা ভাইরাসের কারণে প্রায় সারা বিশ্ব যখন লকডাউনে, তখন বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং খবরে ফিরছেন সাকিব৷ করোনা যেন নিষেধাজ্ঞা থেকে পরোক্ষ মুক্তি দিয়েছে তাকে৷

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গেল বছরের অক্টোবরে সাকিবকে সব ধরনের ক্রিকেটে ২ বছর নিষিদ্ধ করে আইসিসি। তবে দোষ স্বীকার করায় তার নিষেধাজ্ঞা ১ বছর স্থগিত করা হয়। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরে ক্রিকেটে ফিরবেন তিনি। তাই ধরেই নেয়া হয়েছিল, এসময়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে খুব মিস করতে হবে। তার অনুপস্থিতিতে ভীষণ ভুগতে হবে বাংলাদেশ ক্রিকেটকে৷

ভুগতেও শুরু করেছিলেন টাইগাররা। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে সাকিব থাকলে, এমন ভরাডুবি হতো কি না, এ নিয়ে প্রশ্ন অসংখ্যবার উঁকি দিয়েছে৷ ভাগ্যিস করোনার কোপে সফরের শেষ পর্বটা আর হয়নি। হলে সাকিববিহীন বাংলাদেশ ক্রিকেটের অপরিপক্কতা ও কঙ্কাল আবারও সামনে আসত।

আপাতত আগামী অক্টোবরের আগে টাইগারদের আর কোনো সিরিজ খেলার সম্ভাবনা নেই৷ ওই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হবে কি-না, তাও বলা যাচ্ছে না৷ তদুপরি আসছে ৬ মাসের মধ্যে করোনা সংকটের সব সমস্যা হয়ে যাবে, সেটারও গ্যারান্টি দেয়া যাচ্ছে না। তবে নিঃসন্দেহে সঙ্কটময় অবস্থা কিছুটা স্বাভাবিক হয়ে আসবে।

পরিপ্রেক্ষিতে এটা নিশ্চিত, প্রাণঘাতী ভাইরাসের কারণে মাঠে সাকিবকে অনেকটা কম মিস করবে বাংলাদেশ। ফিটনেস ও ফর্ম ধরে রাখতে পারলে দল ও সতীর্থদেরও অনেক কম সময় মিস করবেন তিনি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর