নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মশিউর রহমানের ডিলারশিপ বাতিল করেছে উপজেলা প্রশাসন। এছাড়াও তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির।
জানা গেছে, গত ৪ এপ্রিল ১০ টাকা কেজি দরে চাল বিতরণের সময় উপজেলা খাদ্য কর্মকর্তাসহ মহিলা সদস্য ও এক সাংবাদিক উপস্হিত হয়ে নানা অনিয়ম হাতেনাতে ধরে ফেলে। এসময় প্রায় ১৫ বস্তা চাল অবৈধভাবে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ উঠে।
পরে খাদ্য কর্মকর্তা চাল জব্দ করলেও ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান এসএম রুপম ও তার ভাই ডিলার মশিউরসহ কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের উপর হামলা করে চাল ছিনিয়ে নিয়ে যায়। এসময় আহত হন মহিলা সদস্য শাহানা ও সংবাদকর্মী শাজাহান আলী।
এছাড়াও, গত ৬ এপ্রিল এবিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু ও জিটিভির ক্যামেরাপার্সন রাজুর উপর হামলার চেষ্টা করে তারা। এসময় ক্যামেরা ছিনিয়ে নেয়ারও চেষ্টা করে মশিউরগংরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর বলেন, অন্যায়কারী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। উক্ত ডিলারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।।
কেএ/বার্তাবাজার