নাটোরে করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্য জেলা থেকে সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সড়কে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকেই নাটোরের বনপাড়া-হাটিকুমরুল-বঙ্গবন্ধু সড়ক, নাটোর-বগুড়া-উত্তরাঞ্চল ও নাটোর-পাবনা-দক্ষিণাঞ্চল এবং নাটোর-রাজশাহী মহাসড়ক দিয়ে নাটোরে প্রবেশমুখে অবস্থান নিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বনপাড়া-হাটিকুমরুল টোল রোডের কাছিকাটা টোল প্লাজা, নাটোর পাবনা মহাসড়কের বনপাড়া ও রাজাপুর হাট, সিংড়া উপজেরার জামতলি, নাটোর-রাজশাহীর দস্তানাবাদ সীমান্তে অবস্থান নিয়েছে পুলিশ। এ সকল স্থানে চেকপোস্ট বসিয়ে নিত্য পয়োজনীয় সামগ্রী, ওষুধ ও কৃষিপণ্য ছাড়া অন্য যে কোন যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন তারা।
নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা বলেন, নাটোরে জরুরি প্রয়োজনের যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। জেলাটিতে প্রবেশের সব সংশ্লিষ্ট সড়ক ও মহাসড়কে অবস্থান নিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রয়োজন হলে জেলার সব উপজেলা পর্যায়ের সড়কেও যানবাহন প্রবেশ বন্ধ করে দেওয়া হবে।
কেএ/বার্তাবাজার