টিফিনের টাকা বাঁচিয়ে ত্রাণ নিয়ে রাজধানী রাস্তায় তিন কলেজছাত্র

টিফিনের টাকা বাচিয়ে সেই টাকায় ত্রাণ সামগ্রী কিনে তা রাজধানীর সড়কে বিতরণ করছেন। ত্রাণ বিতরণের সময় যাতে ভিড় না হয় সে জন্য হেঁটে হেঁটে ত্রাণ দিচ্ছেন এসব শিক্ষার্থীরা। এই তিন ছাত্র হলেন, রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডে অবস্থিত বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের তিন ছাত্র সাইফুর রহমান, শাকিল খান ও এম মাহীউজ্জামান শাওন।

জানা গেছে, তিন বন্ধু মিলে শুক্রবার (১০ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত মিরপুর এক নম্বর সেকশনের রাস্তায় তারা ত্রাণ বিতরণ করেছেন। নিজেদের জমানো টিফিনের টাকা আর বন্ধু-বান্ধব, সহপাঠীদের দেয়া টাকা একত্রিত করে ৫০ জন দরিদ্র মানুষকে সহায়তা দিয়েছেন। তারা প্রত্যেককে ৫ কেজি চাল, এক কেজি মশুরের ডাল, এক কেজি আটা, দেড় কেজি পিঁয়াজ, এক কেজি আলু ও আধা লিটার সয়াবিন তেল দিয়েছেন।

ওই তিন কলেজ ছাত্র জানান, করোনাভাইরাসের কারণে চারদিকে লকডাউন অবস্থা। ফলে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো অসহায় অবস্থায় পড়েছে। তাদের কথা চিন্তা করেই সহযোগিতা করার জন্য রাস্তায় নেমেছি। তারা তিনজন প্রথমে সিদ্ধান্ত নেন টিফিনের টাকা বাচিয়ে কাজটা করব। তাতে টাকা খুব কম হয়। এরপর আমাদের অভিভাবকদের কাছে জানালে তারা উৎসাহ দেন। এরপর বন্ধু-বান্ধবদের কাছে আমাদের পরিকল্পনার কথা জানাই। অনেকেই আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। বন্ধুদের পাঠানো টাকা একত্রিত করে বেশ কিছু টাকা হয়। তা দিয়েই চাল, ডাল, তেল, আলু, আটা আর পিঁয়াজ কিনে বিতরণ করেছি।

তিন ছাত্রই জানান, তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। বন্ধু বান্ধবদের পাঠানো টাকা জমিয়ে একত্রিত করে আবারো তারা এ কাজে মাঠে নামবেন।

তাদের বক্তব্য, বাংলাদেশে বিত্তশালী বা ধনীর সংখ্যা একেবারে কম না। বিত্তশালীরা এগিয়ে আসলে অভাবী মানুষদের এ রকম করুণ অবস্থা হবার কথা নয়। আমাদের আহ্বান থাকবে, শুধুই সরকারের দিকে তাকিয়ে না থেকে নিজেরাই এগিয়ে আসুন। অসহায়দের পাশে দাঁড়ান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর