ফরিদপুরের আলফাডাঙ্গায় করোনা ভাইরাসের সংক্রামণ রোধে উপজেলা সদর বাজারের কাঁচাবাজার সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সাময়িকভাবে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৭টা থেকে বিদ্যালয় মাঠে বসানো হয়েছে এ কাঁচাবাজার। এ বাজারে শুধুমাত্র কাঁচামাল ক্রেতা ও বিক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রেখে পূণ্য কেনা-বেচা করতে পারবেন। জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তির আলোকে এ কাঁচাবাজার প্রতিদিন সকাল ৭টা থেকে ১টা পর্যন্ত অব্যাহত থাকবে।

এ বিষয়ে পৌর মেয়র সাইফুর রহমান বার্তা বাজারকে জানান, সদর বাজারে জায়গা ছোট হওয়ার কারণে সকাল বেলা বাজারে লোকজন বেশী ভীড় করে। এতে করোনা ভাইরাসের সংক্রামণ ঝুঁকি থেকে যায়। তাই পৌরবাসীর স্বাস্থ্যের দিক বিবেচনা করে এ ভাইরাসের সংক্রামণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য উপজেলা সদরের কাঁচাবাজার আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানান্তর করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাঁচাবাজার ওখানে বসবে।

এ দিকে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজারের কাঁচাবাজারও জাটিগ্রাম মমতাজউদ্দীন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানান্তর করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান।

এবিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান বার্তা বাজারকে জানান, ‘করোনাভাইরাস সংক্রমণ থেকে নাগরিকদের রক্ষার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই জরুরি। এই দূরত্ব নিশ্চিত করতে সদর বাজারের কাঁচাবাজার স্থানান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বাজারেও এ উদ্যোগ গ্রহণ করা হবে।’
কেএ/বার্তাবাজার