র‍্যাবের অভিযানে সাভারে বিয়ের আয়োজন পন্ড, জরিমানা ৮০ হাজার

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমন প্রতিরোধে সারা দেশ যখন দিশেহারা, ঠিক এমন মুহুর্তে ঢাকার সাভারে দুইজন জনপ্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছিলো একটি বিয়ের অনুষ্ঠান। খবর পেয়ে র‍্যাব-৪ সেখানে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দেয়।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সাভারের সালেপুর গ্রামে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতার সময় র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

জানা যায়, সাভারের আমিনবাজার ইউনিয়নের সালেপুর গ্রামে আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম এর উপস্থিতিতে অর্ধশতাধিক মানুষের সমাগম নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিলো। এসময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে বর-কনে উভয়পক্ষের আট জনকে ৮০ হাজার টাকা আর্থিক জরিমানা প্রদান করে বিয়ে বন্ধ করে দেয়।

এব্যাপারে র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, দেশে করোনা ভাইরাস সংক্রমণের এই ভয়াবহ সময়ে যেখানে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া নিষেধ এবং সেক্ষেত্রেও নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখার কঠোরতা রয়েছে, এমন সময় বিয়ের আনুষ্ঠানিকতা অকল্পনীয়। এজন্য বর-কনে উভয়পক্ষের ৮ জনকে ৮০ হাজার টাকা জরিমানা করে বিয়ে বন্ধ করে দেয়স হয়েছে।

তিনি আরও জানান, বিয়ের আসরে উপস্থিত থাকা আমিনবাজার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামকে সর্তক করে ছেড়ে দেয়া হয়। পাশাপাশি দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান র‍্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তবে মুঠোফোনে আমিনবাজার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম কে কল করে পাওয়া না যাওয়ায় এব্যাপারে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর