রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে রাত জেগে পাহারায় এলাকাবাসী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তের কয়েকটি পয়েন্ট দিয়ে করোনা আক্রান্ত রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সাথে সারা রাত জেগে পাহাড়া দিয়েছে স্থানীয় গ্রামবাসীরা। বৃহস্পতিবার রাত থেকে উখিয়ার পালংখালী ও টেকনাফের হোয়াইক্যং সীমান্তে এ ঘটনা ঘটে।

এসময় বিজিবি সদস্যদের সাথে গ্রামবাসীও পালংখালী ইউনিয়নের আনজুমান পাড়া, ধামংখালী, রহমতের বিল, বালুখালী ও টেকনাফের উলুবনিয়া, খারাইংগাঘোনাসহ বিভিন্ন সীমান্তে রাতভর পাহাড়া দেয়।

পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, পালংখালী ইউনিয়নের আনজুমান পাড়া মিয়ানমার সীমান্তের শতাধিক রোহিঙ্গাকে অবস্থান করতে দেখে বাংলাদেশী জেলেরা। পরে জানা যায়, সেখানে কিছু সন্দেহজনক করোনা রোগী এদেশে অনুপ্রবেশ করে চিকিৎসার জন্য উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আসতে চাচ্ছে। করোনা রোগীর অনুপ্রবেশের খবরে সীমান্তের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। অনুপ্রবেশ ঠেকাতে শত শত গ্রামবাসী জড়ো হয়ে বিজিবি সদস্যদের সাথে সীমান্তে পাহাড়া দিতে থাকে।

কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ সাংবাদিকদের জানান, উখিয়া সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের একটি দল বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়টি শুনেছি, আঞ্জুমানপাড়া সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। নতুন করে কোন রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

বিজিবি টেকনাফের হোয়াইক্যং ফাঁড়ির কমান্ডার জানান, বিষয়টি শুনে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর