বরখাস্ত হলেন লকডাউনে বিয়ে করা সেই সরকারি কর্মকর্তা

মহামারি করোনায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশেও চলছে একই চিত্র। এই মহামারি প্রতিরোধে বন্ধ করা হয়েছে সব ধরণের জনসমাগম। ২৬শে মার্চ থেকে সারাদেশে চলছে এক ধরণের অঘোষিত লকডাউন। এর মাঝে এক সরকারি অফিসার বিয়ে করে খবরের শিরোনাম হয়েছিলেন। শাহীন কবির নামের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের এই পরিবার পরিকল্পনা পরিদর্শক গত ৭ই এপ্রিল বিয়ে করেন। সরকারি নির্দেশ আমান্য করায় তিনি এবার চাকরিও হারালেন।

ঢাকা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে তাকে বরখাস্তের আদেশ জারি করা হয় গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল)।

ওই আদেশে বলা হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমিনপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহীন কবির দেশব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলাকালীন গত ৭ এপ্রিল একই উপজেলার সনমান্দি ইউনিয়নে গিয়ে বিবাহের উদ্দেশ্যে জনসমাগম করেছেন। এ কার্যক্রম বর্তমান আইন ও সরকারি চাকরিবিধি পরিপন্থী বিধায় তাকে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮’ এর বিধি ১২ মোতাবেক চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

তিনি প্রচলিত বিধি মোতাবেক চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্তের সময় খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) একই উপজেলার সনমান্দি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে নাদিয়া আক্তারকে বিয়ে করেন শাহীন কবির। তার বরযাত্রায় অংশ নেন ৭০ জন। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে করোনাভাইরাসের এ সময় বিয়ের আয়োজন করায় বরপক্ষকে অপদস্থ করেন। এক পর্যায়ে শাহীন কবির ও তার সঙ্গে অতিথি হয়ে আসা বরযাত্রীরা কনে নাদিয়া আক্তারকে রেখে দ্রুত এলাকা ছাড়েন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর