চিকিৎসকের অবহেলায় ওসির স্বামীর মৃত্যুর অভিযোগ

নড়াইলের নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুনের স্বামী আহসানুল ইসলাম বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মারা গেছেন। তবে অভিযোগ উঠেছে হাসপাতালের সিসিইউতে চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে। সেই অভিযোগ অস্বীকার করে চিকিৎসকরা দাবী করেছেন কার্ডিয়াক অ্যাটাকে মারা যাওয়া আহসানুলের চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন জানান, তার স্বামী বাংলাদেশ রেলওয়েতে পি ম্যান হিসাবে বেনাপোলে কর্মরত আছেন। বৃহস্পতিবার সকালে যশোর কোতোয়ালি থানার স্টাফ কোয়ার্টারে বসবাস করা তার স্বামীর বুকে ব্যাথা উঠে। ফোন করে যশোর কোতোয়ালি থানার ওসির সহযোগিতায় তাকে হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, যশোর জেনারেল হাসপাতালে সিসিইউ ওয়ার্ডে তার স্বামীকে রাখা হয়। এসময় ডাক্তারেরা স্লিপে ওষুধের নাম লিখে রোগীর বেডের কাছে রেখে চলে যায়। শ্বাসকষ্ট হলেও তা রোধে অক্সিজেন দেয়া হয়নি। পাশে থাকা অন্য রোগীর স্বজনরা চিকিৎসায় অবহেলার কথা ফোন করা তাকে জানায়। এর কিছুক্ষন পরেই স্বামীর মারা যাওয়ার খবর পান রোকসানা।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের থানাগুলোর প্রথম এই নারী ওসি কান্নাভেজা কন্ঠে জানান, ‘আমি এত লোকের সেবা করে বেড়াচ্ছি, অথচ শুধু ডাক্তারের অবহেলায় আমার স্বামী মারা গেল। আমার সন্তানরা এতিম হলো।’

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায় জানান, ‘করোনারি কেয়ার ইউনিটে ভর্তির পর চিকিৎসক তাকে দেখে চিকিৎসাপত্র দেন। হাসপাতাল থেকে যা সরবরাহ করার, তা রোগীকে দেয়া হয়। কিন্তু বাইরে থেকে ওষুধ আনার দরকার ছিল। তবে রোগীর পাশে তার কোনো লোক না থাকায় সেটা আনা হয়নি। তাছাড়া রোগী মাত্র ১০ মিনিট সময় দিয়েছে। ফলে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর