দেশে বাড়ছে করোনা আক্রান্তের হার। গত বুধবারের (৮ এপ্রিল) তুলনায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) আক্রান্তের হার দ্বীগুনেরও বেশি ছিল। বৃহস্পতিবারের হিসাব মতে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১১২ জন। এই ১১২ জনের মাঝে ২১ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ জন। একইসাথে আরও ২৪ জন পাওয়া গেছে যাদের বয়স ৩১ থেকে ৪০ এর মাঝে। এই হিসাবে বুঝা যাচ্ছে দেশে বেশিরভাগ আক্রান্তই যুবক বয়সী। তবে মৃতদের মাঝে মাত্র ১ জন মারা গেছেন যার বয়স ছিল যুবাদের কোটায়।
আইডিসিআর গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করে। ২০ থেকে ৩০ বছর বয়সী যুবকরা বেশি আক্রান্ত হচ্ছে। তারপরই থাকছে ৩০ থেকে ৪০ বছর বয়সীরা।
কেন যুবকরাই বেশি আক্রান্ত হচ্ছেন এমন এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, ‘যুবকরা নতুন করে বেশি বেশি আক্রান্ত হচ্ছে, এটা সঠিক। কারণ, হোম কোয়ারেন্টিনের নিয়ম সবচেয়ে বেশি মানছে না এই যুবকরাই। পুরো বিশ্বেই যেহেতু অল্প বয়স্ক বা যুবকদের মারা যাওয়ার হার কম সেহেতু তারা ভাবছে তাদের সমস্যা হবে না। এই ভাবনাটাই তাদের এত ক্ষতি ডেকে আনছে।’
তিনি আরও বলেন, যুবকরাই সবচেয়ে বেশি বাইরে ঘুরছে, জনসমাগমে যাচ্ছে। একইসাথে মানছে না হোম কোয়ারেন্টাইন। তাই তাদের মাঝে আক্রান্তের হারও বাড়ছে। এই বয়স ছাড়া অন্যরা নিয়ম মেনে ঘরে অবস্থান করছে বলে তারা আক্রান্তও কম হচ্ছেন।
বার্তাবাজার/এসজে