কোভিড-১৯ এবং আজকের সাভার ও ধামরাই

কোভিড-১৯ এবং আজকের সাভার ও ধামরাই

।। মোঃ আল মামুন খান, ষ্টাফ রিপোর্টার ।।

কোভিড-১৯ তথা নোভেল করোনা ভাইরাসের কারণে সারাদেশের মানুষ দিশেহারা এবং লক ডাউন অবস্থায় রয়েছে। এই মহামারি প্রতিরোধে সরকার ও প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক এবং ব্যক্তি পর্যায়ে চলছে নানা কর্মকান্ড। চলুন দেখা যাক এব্যাপারে ঢাকার অদূরে সাভার ও ধামরাই উপজেলার আজকের (বৃহস্পতিবার) চালচিত্র।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সাভারে প্রশাসনিক কর্মকান্ডের ভিতরে উল্লেখযোগ্য হলো, আমিন বাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হ্যাপী দাস চলমান কোভিড-১৯ (করোনা) সংক্রমন রোধের লক্ষ্যে আমিন বাজার ও বিরুলিয়া ইউনিয়নের আকরান বাজার, জামাই বাজার, খেয়াঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন ৷ মোবাইল কোর্ট পরিচালনা কালে সাভার উপজেলা প্রশাসন এর নির্ধারিত সময়ের পরবর্তীতে দোকান খোলা রাখায় অর্থদণ্ড দেয়া হয়৷ এছাড়া কোভিড-১৯ এর ব্যপারে মাইকের মাধ্যমে গ্রাম ও মহল্লায় সচেতনতা সৃষ্টি করা হয়৷

এদিকে, সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক এর থেকে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে ঢাকা জেলা প্রশাসনের মাধ্যমে সাভার উপজেলায় অদ্যবদি ৮০ মেট্রিক টন জি অার চাউল ও তিন লক্ষ সত্তর হাজার টাকা পাওয়া গেছে। তারমধ্যে উপজেলা প্রশাসনের মাধ্যমে সরাসরি ২০ মেট্রিক টন চাল সাভার উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে দুঃস্থ ও অসহায় পরিবারের বাসায় গিয়ে বিতরন করা হয়। বাকী ৬০ মেট্রিক টন চাল সাভারের জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরন চলছে।

সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি ও তার বড় ছেলে ফারুক হাসান তুহিন নিজেদের অর্থায়নে পৌরসভায় কয়েকশো’ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক এর উদ্যোগে সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তার পাশে আলু, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, কাঁচামরিচ, ঢেঁড়স, টমেটো, বেগুন,বাঁধাকপি সহ আরও অনেক ধরনের সবজি রেখে দিয়েছেন। এখান থেকে বিনামূল্যে গরীব অসহায় মানুষ তার প্রয়োজন মতো সবজি নিয়ে যেতে পারবেন।

সরেজমিন দেখা গেছে, অসহায় মানুষ নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের চাহিদা অনুযায়ী সবজি নিয়ে গেছে। চট্টগ্রামে ছাত্রলীগের এরকম উদ্যোগের পর সাভারে আতিকের এই অভিনব ত্রাণ বিতরণ সকলের প্রশংসা কুড়িয়েছে।

এব্যাপারে ছাত্রলীগ নেতা আতিক বলেন, আমার অভিভাবক সাভার উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব ভাই সব সময়ই ব্যতিক্রম চিন্তাধারার অধিকারী। তারই নির্দেশে সাভার উপজেলা ছাত্রলীগ অসহায় গরীব মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে সবজি বিতরণ করেছে।

এছাড়াও, সাভার উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এবং সাভার উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম রাজিব এর নির্দেশে আজ (বৃহস্পতিবার) সাভারের গেন্ডা এলাকায় ২০০ হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন সাভার পৌর যুবলীগ নেতা মাজহারুল ইসলাম রুবেল।

এবার আসা যাক ধামরাই উপজেলায়। আজ (বৃহস্পতিবার) দুপুরে সূয়াপুর ইউনিয়নে করোনা ভাইরাসের কারনে লক ডাউন থাকায় দিনমজুর ও রিক্সা ভ্যান চালকদের মাঝে ত্রাণ বিতরণ করেন সুয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব।

সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান (লাল্টু) তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এছাড়া, ধামরাই উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা শাখা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ৩টি জায়গার গুচ্ছগ্রামে কয়েকশো’ গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরন করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর