ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগর বাজারে মোটা চাল পালিশ করে মিনিকেট হিসেবে বিক্রির অভিযোগে চাল ব্যবসায়ী হরিদাস বনিককে জরিমানা ও গুদামটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে আদালতটি পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাব্বির আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার রূপাপাত ইউনিয়নের কালিনগর বাজারের চাল ব্যবসায়ী হরিদাস বনিক দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মোটা চাল পালিশ করে মিনিকেট হিসেবে মোড়কীকরণ করে বাজারজাত করছিল। বস্তায় ঝিনাইদহ জেলার মুজুমদার স্পেশাল মিনিকেট চালের সিলমোহর করে প্রতারণা করছিল।
চাল কারসাজির এমন খবর পেয়ে উপজেলার ডহরনগর ফাঁড়ি পুলিশ বৃহস্পতিবার দুপুরে হরিদাস বনিকের চালের গুদামে অভিযান চালায়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত হরিদাস বনিককে ভোক্তা অধিকার আইনে ২০০৯ এর ৪৫ ধারায় ৩৫ হাজার টাকা জরিমানা ও গুদামটি সিলগালা করে।
বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাব্বির আহমেদ জানান, ‘মোটা চাল ছাঁটাই করে মিনিকেট হিসেবে বাজারজাত করে ক্রেতাদের সাথে প্রতারণার করায় ভোক্তা অধিকার আইনে হরিদাস বনিককে ৩৫ হাজার টাকা জরিমানা ও গুদামটি সিলগালা করে দেয়া হয়।’
কেএ/বার্তাবাজার