বরগুনার জেলা কারাগারে দীর্ঘদিন সাজা খাটাসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ২২ জন কয়েদিকে মুক্তি দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ প্রস্তাব কারা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে দুপুরে জানান জেল সুপার আনোয়ার হোসেন।
বলেন প্রস্তাবটি এখন পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বরগুনার জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে বরগুনা জেলা কারাগার থেকে ২২ জন কয়েদিকে মুক্তি দেয়ার প্রস্তাব পাঠানো হয়েছে।
এর মধ্যে লঘু অপরাধে ১৯ জন এবং দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত কয়েদি ৩ জন। জেলা সুপার আরও জানান, করোনা ভাইরাসজনিত কারণে সরকারের নেয়া উদ্যোগের অংশ হিসেবে এ প্রস্তাবনা পাঠানো হয়েছে।
বরগুনার জেলা কারাগারে ১৮৪ জন ধারণ ক্ষমতার বিপরীতে বর্তমানে ৪০৬ জন কয়েদি রয়েছেন। তাদের দেখভাল করার জন্য কারারক্ষী ও হাবিলদারসহ কর্মকর্তা রয়েছেন মোট ৭৯ জন।
এদিকে করোনা ঝুঁকি এড়াতে কয়েদি ও বিভিন্ন মামলার আসামিদের সঙ্গে তাদের আত্মীয়-স্বজনদের সাক্ষাৎ করা অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া কারাগারের ভিতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে নানা পদক্ষেপ নিয়েছে জেলা কারাগার কর্তৃপক্ষ।
কেএ/বার্তাবাজার