করোনাভাইরাসের করেণে বন্ধ সব ধরনের ক্রিকেট আসর। তার মাঝেও আশার আলো জ্বলছিলো বাংলাদেশে-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে। চলতি বছরের জুন মাসে বাংলাদেশে দুইটি টেস্ট খেলতে আসার কথা ছিল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের। তবে করোনা ভাইরাসের কারণে আনুষ্ঠানিকভাবে স্থগিত হল অজিদের বাংলাদেশ সফর।
গত ৩১ মার্চ অজিদের টেস্ট অধিনায়ক টিম পেইন বাংলাদেশ সফর নিয়ে বলেছিলেন, ‘আপনাকে এটা বুঝতে আইনস্টাইন হবার দরকার নেই যে বাংলাদেশ সফর সম্ভবত হচ্ছে না। বিশেষ করে জুন মাসে। এটা বাতিল হবে নাকি পরবর্তীতে হবে সেটা সম্পর্কে এই মুহূর্তে আমরা নিশ্চিত নই।’
টিম পেইনের ধারণাই সত্যি হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্মত হয়েছে এই ব্যাপারে যে, এমন পরিস্থিতি সিরিজ মাঠে গড়ানো অসম্ভব।
এই প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস বলেন, ‘এই সফর স্থগিত করাটা অনুশোচনীয়। কিন্তু আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই আমাদের সঙ্গে খোলাখুলি, সৎভাবে ও দায়িত্বের সঙ্গে আলোচনা করেছে বলে। দুই বোর্ড মিলেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে।’
‘দুই বোর্ডের কাছেই মানুষ ও সম্প্রদায়ের স্বাস্থ্যগত দিক প্রধান গুরুত্বের বিষয়। এই সফর স্থগিত করার সিদ্ধান্তে সেটিই প্রতিফলিত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘যেমনটা আমরা জানি বৈশ্বিক ক্রিকেট ক্যালেন্ডারে ব্যস্ততার শেষ নেই। তবুও বাংলাদেশের প্রতি করা আমাদের ওয়াদা পালনে আমরা আমাদের সাধ্যের মধ্যে থেকে সম্ভাব্য সবকিছু করবো। বিসিবির সঙ্গে আমাদের আলোচনা চলমান থাকবে পরবর্তীতে এই সিরিজ আয়োজনের ব্যাপারে।’
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বলেন, ‘এটি দুই দলের খেলোয়াড় ও ভক্ত সমর্থকদের জন্য হতাশার। যাই হোক, কোভিড-১৯ প্রাদুর্ভাবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এবং স্বাস্থ্য জরুরী অবস্থা বিবেচনায় বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া একমত হয়েছে যে এটাই উত্তম ও বাস্তবসম্মত সিদ্ধান্ত।’
‘আমরা আশা করছি দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে এবং অদূর ভবিষ্যতে সুবিধাজনক সময়ে সিরিজটি আয়োজন করতে পারবো। আর সে লক্ষ্যে বিসিবি ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে বেশ নিবিড়ভাবে কাজ চালিয়ে যাবে যাদের সাথে আমরা সবসময় সহযোগীতা ও সমর্থন ভাগাভাগি করে আসছি।’
কেএ/বার্তাবাজার