করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে দৃষ্টান্ত গড়লেন হোসেন আলী মাস্টার

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধে ঢাকার সাভার ও ধামরাই উপজেলার বিভিন্ন এলাকা ইতোমধ্যে লক ডাউন করা হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসন এই লক ডাউন ও নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় না রাখায় সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করছেন। এরপরও অসচেতন মানুষ নির্বিচারে পাড়া-মহল্লা ও অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে যা আমাদের জন্য একধরণের অশনিসংকেত। এই অবস্থায় আশুলিয়া ইউনিয়নের একজন ইউপি সদস্য নিজ এলাকাবাসীকে বাসার ভিতরে রাখতে বাসার বাইরে দিন কাটাচ্ছেন! তিনি আশুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী মাস্টার।

সরেজমিন আশুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই’- প্রতিপাদ্যকে সামনে নিয়ে এলাকাবাসীকে জরুরী প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হবার ও সরকার ঘোষিত নির্দিষ্ট সামাজিক দূরত্ব মেনে চলার কঠোর নির্দেশ দিয়ে এলাকায় টহল দিচ্ছেন মানবতার ফেরিওয়ালা হোসেন আলী মাস্টার।

এব্যাপারে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে ঠিক এই মুহুর্তে কোমলে-কঠোরে মিলানো ভূমিকার কোনো বিকল্প নেই। যেকোনোভাবেই হোক মানুষকে বুঝিয়ে শুনিয়ে ঘরের ভিতরে রাখতে হবে। যেহেতু আশুলিয়া শিল্প অধ্যুষিত এলাকা, এখানে নিম্ন আয়ের অনেক পোশাক শ্রমিকদের বসবাস। আমি এলাকার গার্মেন্টস শ্রমিকদের বাসার দ্বারে দ্বারে গিয়ে বলেছি, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে যাতে আপনারা বেঁচে থাকতে পারেন সে জন্য আপনাদেরকে ছুটি দেয়া হয়েছে। এজন্য হাটবাজারে ঘুরাফিরা করে নিজেদের জীবনের ঝুঁকি ডেকে আনবেন না এবং পরিবার ও প্রতিবেশীদেরকেও ঝুঁকির মুখে ঠেলে দিবেন না।’

এলাকার নিম্ন আয়ের মানুষ যাদেরকে ত্রাণ দেয়া হচ্ছে, সেসব মানুষদেরকেও ঘরে থাকার বিষয়ে সচেতন করে চলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, নিম্ন আয়ের মানুষদেরকে ত্রাণ দেয়াই হচ্ছে যাতে তাদেরকে বাসা থেকে বের হতে না হয়। তাহলে এরপরও কেনো তারা বের হবেন? এব্যাপারেই তাদেরকে সতর্ক করে চলেছি।

তিনি আরও জানান, আমাদের চেয়েও উন্নত দেশগুলোতে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আমাদের দেশে এপর্যন্ত অনেক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ (বৃহস্পতিবার) পর্যন্ত আমাদের দেশে ২১ জন মানুষের প্রাণহানি ঘটেছে। তাই সকলেরই ঠিক এই মূহুর্ত থেকেই বাসার ভিতরেই অবস্থান করা উচিত।

এছাড়াও তিনি আশুলিয়ার ৪নং ওয়ার্ড এলাকার বিত্তশালীদেরকে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও অস্বচ্ছল মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি এই বৈশ্বিক দুর্যোগকালে নিজ নিজ বাড়ির ভাড়াটিয়াদের প্রতি খেয়াল রাখার জন্যও তিনি বাড়িওয়ালাদের প্রতি বিশেষ আহ্বান জানান।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর