প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও সাতক্ষীরায় আসছে মানুষের ঢল

যানবাহন ও মানুষ চলাচলের উপর নিষেধাজ্ঞার পরও থামছে না দেশের বিভিন্ন স্থান থেকে সাতক্ষীরায় আসা মানুষের ঢল। প্রতিদিনেই করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে সারা দেশের বিভিন্ন স্থান থেকে সাতক্ষীরায় আসছে শত শত মানুষ। গত দুই/তিনদিন ঢাকা, নারায়নগঞ্জ, মাদারীপুরসহ বিভিন্ন স্থান থেকে সাতক্ষীরায় এসেছে শত শত মানুষ। গণপরিবহন বন্ধ থাকলেও কৌশলে ট্রাকের মধ্যে, এ্যাম্বুলেন্স এবং ছোট খাটো যানবাহনে তারা সাতক্ষীরায় আসছে বলে বিভিন্ন এলাকার মানুষ নিশ্চিত করেছেন। এভাবে সাতক্ষীরায় প্রবেশের খবরে এলাকায় আতংক ছড়িয়ে পড়ছছে।

তবে গত দুই/তিনদিন দিনে যে সব মানুষ সাতক্ষীরায় এসেছে তাদের অধিকাংশই ইটভাটা শ্রমিক। তাদের বাড়ি সাতক্ষীরা জেলার বিভিন্ন প্রত্যান্ত অঞ্চল হওয়ায় বাড়িতে ফিরে তারা ইচ্ছামত প্রকাশ্য হাট-বাজারে চলাফেরা করছেন। তাদের সকলকেই কোয়ারেন্টানৈ থাকার কথা থাকলেও সে নিয়ম মানছেন না অধিকাংশই।
বিভিন্ন মাধ্যমে জানা গেছে গত দুই/তিনদিন নারায়ণগঞ্জ, ঢাকাসহ বাইরের জেলা থেকে ট্রাক ভর্তি মানুষ সাতক্ষীরাতে প্রবেশ করেছে। এদের মধ্যে প্রায় তিন ট্রাক ইটভাটা শ্রমিক দেবহাটাতে প্রবেশের খবর পাওয়া গেছে। প্রতি ট্রাকের উপর পলিথিনে ঢাকা শ্বাসরুদ্ধকর অবস্থায় ৩৫ থেকে ৪৫ জন পর্যন্ত মানুষ গাদাগাদি করেই আসছে।
এছাড়া ফিংড়ী ইউনিয়নের এল্লারচর এলাকায় বুধবার রাতে ২০ থেকে ২৫ জন ভাটা শ্রমিকসহ শ্যামনগর, আশাশুনিসহ জেলার বিভিন্ন স্থানে শত শত মানুষ এভাবেই প্রবেশ করেছেন। অধিকাংশ শ্রমিকদের বাড়ি জেলার শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বাইরে থেকে আসা কোন যানবাহনকে সাতক্ষীরায় প্রবেশের নিষেধাজ্ঞা ঘোষণা দেওয়া হলেও কার্যকরা করা যায়নি। তবে শরিয়তপুর থেকে বাড়িতে ফিরেও বাগানে কোয়ারেন্টানে থাকা কালীগঞ্জ উপজেলার উফাপুর গ্রামের গৌরপদ মন্ডল বলেন, সরকারি ঘোষণা মাথা পেতে নিয়ে তিনি বাড়ির পাশে ধানখেতে দোচালা বানিয়ে বাগানে কোয়ারেন্টানে আছেন।

জানতে চাইলে শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন বলেন, শ্যামনগর উপজেলার বহু মানুষ ইটভাটায় কাজ করে। অনেকই তারা এলাকায় ফিরছেন। এবিষয়ে বৃহস্পতিবার স্থানীয় সাংসদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি মিটিং হয়েছে। সেখানে উপজেলার ১২টি ইউনিয়নের প্রাইমারী স্কুল কোয়ারেন্টান সেন্টার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, এখবর পেয়ে সাতক্ষীরার প্রতিটি উপজেলার নির্বাহী অফিসার, চেয়ারম্যানগণকে এধরনের মানুষদের চিহ্নিত করে হোম কোয়ারেন্টান নিশ্চিত করার জন্য বলা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর