কিশোরগঞ্জে সরকারি ১০ টাকা কেজির ৬০ বস্তা চালসহ ডিলার ও আওয়ামী লীগের সভাপতিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটক অপরজন মো. চান মিয়া একজন কালোবাজারি বলে জানা যায়।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে দিকদাইর ইউনিয়নের বড়ুহা গ্রাম থেকে একটি পিকআপ ভর্তি চালসহ তাদের আটক করা হয়। এ ঘটনার পর ওই ডিলারের গুদাম সিলগালা করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তাড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কালোবাজারে চালগুলো বিক্রি করা হয়েছে এমন অভিযোগে ডিলারসহ ২ জনকে আটক করা হয়েছে। তবে আটকদের দাবি ১০ টাকা কেজি দরে কেনার পর ক্রেতারা চালগুলো বেপারিদের কাছে বেশি দামে বিক্রি করে দেয়। এ ব্যাপারে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক মাহমুদ বলেন, কালোবাজারে চালগুলো বিক্রি করা হয়েছে কিনা সেটি যাচাই করে দেখতে উপজেলা খাদ্য কর্মকর্তাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে কমিটিকে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে।
বার্তাবাজার/এমকে