মৃত্যুতে স্পেনকে ছাড়াল যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যায় স্পেনকে ছাড়াল যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায়, কোভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১৪ হাজার ৮১৭ জনে দাঁড়িয়েছে, যেখানে স্পেনে মৃতের সংখ্যা ১৪ হাজার ৭৯২ জন।

বিশ্বজুড়ে ইতালির পর এখন যুক্তরাষ্ট্রেই কোভিড-১৯ এ মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে মৃতদের প্রায় অর্ধেকই নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের।

বুধবার অঙ্গরাজ্যটিতে একদিনেই ৭৭৯ জনের মৃত্যু হয়েছে। প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এটিই একদিনে নিউ ইয়র্কে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা। এতে অঙ্গরাজ্যটিতে মৃতের সংখ্যা ছয় হাজার ২৬৮ জনে দাঁড়িয়েছে বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে।

এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলায় যত লোক নিহত হয়েছিল অঙ্গরাজ্যটিতে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা তার দ্বিগুণেরও বেশি হয়ে গেছে বলে গভর্নর অ্যান্ড্রু কুওমো জানিয়েছেন।

বুধবার এ অঙ্গরাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখের কাছাকাছি পৌঁছে যায়। এসব সত্ত্বেও রাজ্যটির কর্মকর্তাদের জানানো মৃত্যুর সংখ্যা প্রকৃত সংখ্যার চেয়ে কম হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষগুলো, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিউ ইয়র্কের প্রতিবেশী নিউ জার্সি অঙ্গরাজ্যে কোভিড-১৯ এ বুধবার ২৭৫ জনের মৃত্যু হয়েছে। প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এ রাজ্যে এটিই একদিনে সবেচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

চলতি সপ্তাহে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে বহু মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর