দাদির মৃত্যুর পর করোনা আক্রান্ত ২ নাতি, লকডাউন ২ বাড়ি

প্রাণঘাতী করোনাভাইরাসে ঢাকায় মায়ের মৃত্যুর পর সন্তানদের ২টি বাড়ি করোনা সন্দেহে লকডাউন করে স্থানীয় প্রশাসন। ওই বাড়িতে অবস্থান করা মৃতের আত্বীয়-স্বজনদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল ঢাকায়।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) আইইডিসিআর থেকে প্রাপ্ত ফলাফলে ওই বাড়ির ২ শিশুর (মৃতের নাতি) শরীরে করোনার ফলাফল পজিটিভ এসেছে। কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. নিয়াতুজ্জামান আরও জানান, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামের ব্যবসায়ী গোলাম মোস্তফা পরিবার নিয়ে ঢাকার খিলক্ষেত এলাকায় বসবাস করেন। তার মায়ের করোনা উপসর্গ দেখা দেয়ায় গত রোববার প্রথমে ঢাকার একটি প্রাইভেট হাসপাতাল ও পরে একই রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তির পর রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। মৃতের শরীর থেকে নেয়া আলামত পরীক্ষায় পজিটিভ ফলাফল এসেছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু বলেন, লকডাউন করা বাড়িতে ৪ এবং ৭ বছর বয়সী দুই শিশুর করোনা পজিটিভ ফলাফল এসেছে। আপাতত বাড়িতে রেখেইে স্বাস্থ্য বিভাগের ডিজির নিদের্শনা মোতাবেক তাদের চিকিৎসা শুরু হয়েছে। পরবর্তীতে আরও ২ দফায় তাদের নমুনা সংগ্রহ করার পর রিপোর্টের পরবর্তী ফলাফল অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর