মিয়া রাকিবুল, ফরিদপুর প্রতিনিধিঃ বিশ্বজুড়ে আতঙ্কিত প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রামন রোধে জনসচেতনতা বাড়াতে হ্যান্ড মাইক নিয়ে প্রচারণা চালাচ্ছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ.কে.এম আহাদুল হাসান।
বুধবার (৯ এপ্রিল) বিকালে ইউনিয়নের জাটিগ্রাম ও মহিষারঘোপ বাজারে তাকে মাইকিং করতে দেখা গেছে। এ কার্যক্রম এক সপ্তাহ ধরে চালাচ্ছেন তিনি।
জানা গেছে, বিশ্বজুড়ে আতঙ্কের করোনা ভাইরাস (কোভিড- ১৯) দেশেও দ্রুত গতিতে সংক্রামিত হয়েছে। সচেতনতাই প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রামন রোধের একমাত্র উপায় দাবি করে বিশ্বস্বাস্থ্য সংস্থা পরিচ্ছন্নতা, সতর্কতা ও সামাজিক দূরুত্ব বজায় রাখতে বলেছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় দেশের শহরগুলো মেনে চললেও অনেকাংশে উদাসীন গ্রামীণ জনপদ। অজ্ঞ অশিক্ষিত হতদরিদ্র খেটে খাওয়া মানুষগুলো সচেতন না হলে করোনায় বড় ভয়াবহতার আশঙ্কা করছেন সুশিল সমাজ।
গ্রামের অর্ধশিক্ষিত ও অশিক্ষিত কর্মজীবী মানুষদের সচেতন করা সরকারের বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। সারাবিশ্ব প্রচারণা চালালেও করোনা ভাইরাস কি সেটাও জানেন না ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষ।
করোনা ভাইরাস সংক্রামন ঠেকাতে জনসচেতনতা বাড়াতে গত এক সপ্তাহ ধরে গ্রামে গ্রামে, হাটবাজারে হ্যান্ড মাইক নিয়ে ছুটছেন আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান। শুধু মাইকিং নয়। হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের লোকজনের হাতে তুলে দিচ্ছেন খাদ্য সামগ্রী, মাস্ক ও সাবান।
প্রচার করছেন, করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না আসার আহবান জানাচ্ছেন তিনি। তার প্রচারনার প্রশংসা করে সুধিজন সকল জনপ্রতিনিধি ও বিত্তবানকে দেশের আসন্ন দুর্যোগ মুহূর্তে এভাবে এগিয়ে আসার আহবান জানান।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ.কে.এম আহাদুল হাসান বার্তা বাজারকে বলেন, ‘ছাত্র থাকাকালীন সময় থেকেই জনগনের সাথে সম্পৃক্ত আছি। জনসাধারনের প্রতিটি দুর্যোগে পাশে থাকার চেষ্টা করেছি। এখন জনগনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। জনসচেতনতা বাড়াতে পারলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে। তাই এ প্রচেষ্টা। নিজে বাঁচতে প্রতিবেশীকে সচেতন করা আবশ্যক তাই সকলকে সাধ্যমত জনগনের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।’
বার্তা বাজার/এম.সি