নারায়ণগঞ্জ থেকে ব্রাহ্মবাড়িয়ার গ্রামের বাড়িতে ছুটি আসা এক পোশাক শ্রমিক নারীর করোনা উপসর্গে মৃত্যু হয়েছে। উপজেলার রানীখার গ্রামে বুধবার (৮ এপ্রিল) দিবাগত ৩টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর ঝবরে সারা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ওই নারীর মৃত্যুর খবর পেয়ে সন্দেহভাজন করোনা রোগী হিসাবে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাশেদুর রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে এক সপ্তাহ আগে ওই গার্মেন্টসকর্মী গ্রামের বাড়িতে চলে আসেন। বুধবার দিনগত রাত ৩টায় তার মৃত্যু হয়। তার শরীরে করোনার উপসর্গ ছিল না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার মো. ফারুক মিয়া বলেন, ওই নারীর সর্দি-কাশি ও জ্বর ছিল। পরিবারের লোকজন তা গোপন রেখেছেন। পরে গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করেছে।
তিনি আরও বলেন, যে নিয়মে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়, ওই নারীর ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে। গ্রামবাসীরা ওই বাড়ি লকডাউন করে দিয়েছে।
বার্তাবাজার/এসজে