লকডাউন নারায়ণগঞ্জ থেকে ট্রলারযোগে সরকারি নির্দেশ অমান্য করে বরগুনায় আসা ১০৯ যাত্রীকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে তাদেরকে বরগুনার আমতলী উপজেলার গাজীপুর খাল থেকে আটক করা হয়। যাত্রীদের মধ্যে অনেক নারী ও শিশুও রয়েছে।
জানা যায়, নারায়ণগঞ্জে জীবিকার তাগিদে বসবাস করা ওই ১০৯ জনের সবাই বরগুনার বিভিন্ন এলাকার বাসিন্দা। সম্প্রতি নারায়ণগঞ্জে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পুরো জেলা লকডাউন করেছে নারায়ণগঞ্জের প্রশাসন। তাই এইসব যাত্রীরা পালিয়ে গ্রামের বাড়ি চলে আসে। করোনা ঝূঁকিপূর্ণ নারায়ণগঞ্জ থেকে এত লোক একসাথে আসায় এলাকার লোকজনের মাঝেও আতঙ্ক বিরাজ করছে।
আমলতলী থানার ওসি শাহ আলাম জানায়, আমতলীর গাজীপুর বাজারের পাশের খাল থেকে তাদেরকে আটক করা হয়। তারা সবাই নৌপথে নারায়ণগঞ্জ থেকে মাথাপিছু ১ হাজার টাকা করে ভাড়া দিয়ে বরগুনা এসেছে।
তিনি আরও জানান, আটককৃত ১০৯ জনকে স্থানীয় একটি সাইক্লোন শেল্টারে কোয়ারেন্টাইনে রাখা হবে। ১৪ দিন পর স্বাস্থ্য পরীক্ষা সাপেক্ষে তাদের ছাড়া হবে।
বার্তাবাজার/এসজে