করোনার কারণে বন্ধ রয়েছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। সময়ের সাথে খারাপ হচ্ছে পরিস্থিতি। স্বাভাবিক হবে কখন জানা নেই কারোই। ফের সবকিছু স্বাভাবিক হয়ে মাঠে ক্রিকেট ফেরাটা যেমন অনিশ্চিত ঠিক তেমনি ঢাকা লিগই রুটি রুজির মূল উৎস এমন ক্রিকেটারাও পড়েছেন বেশ হুমকির মুখে।
করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির সাথে তাদের কপালেও চিন্তা ভাঁজ পড়ছে। বিশেষ করে জাতীয় দল ও প্রথম শ্রেণির চুক্তিবদ্ধ ক্রিকেটার নন এমন ক্রিকেটাররা সারা বছর প্রিমিয়ার লিগের আশাতেই বসে থাকেন।
লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা কমলে বড় ক্ষতিটা তাদেরই হবে। এদিকে সরাসরি ক্লাবগুলোর সাথে দলবদল বলে আর্থিক লেনদেনে বিসিবি কিংবা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) জড়িত নয়। ফলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতির শঙ্কাটা আরও ঘনীভূত হচ্ছিলো। তবে এমন সময় পাশে দাঁড়ায় বিসিবি।
গত ২৮ মার্চ বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দেন ঢাকা লিগে অংশ নেওয়া ক্রিকেটাররা এককালীন ৩০,০০০ টাকা করে পাবেন বোর্ড থেকে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘যেহেতু অনির্দিষ্ট সময়ের জন্য ঢাকা লিগ স্থগিত আছে সেহেতু বোর্ডের সাথে চুক্তিবদ্ধ নন এমন ক্রিকেটাররা আর্থিকভাবে সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে।
কারণ তারা নিজ নিজ প্রিমিয়ার লিগ ক্লাবের কাছ থেকে অর্থ পাওয়ার কথা। এই সহায়তা শুধুমাত্র ঐসব খেলোয়াড়দের জন্যই।’ আজ (৯ এপ্রিল) বেলা ১১ টায় সিসিডিএমের অফিসে ক্লাবগুলোর কাছে চেক হস্তান্তর করবে বিসিবি ও সিসিডিএম।
কেএ/বার্তাবাজার