রাজধানীতে মসজিদের ইমাম করোনায় আক্রান্ত

রাজধানীতে মসজিদের এক ইমামের শরীরে করেনাভাইরাস ধরা পড়েছে। আক্রান্ত ওই ইমাম মগবাজার এলাকায় থাকলেও অন্য এলাকার একটি মসজিদে ইমামতি করেন। তার শরীরে করোনা শনাক্তের পর ওই মসজিদের মুয়াজ্জিন ও খাদেমদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এছাড়াও ওই ইমামের মগবাজারের বাসা লকডাউনের উদ্যোগ নিয়েছে প্রশাসন।

রমনা মডেল থানার তদন্ত পরিদর্শক মো. জহুরুল ইসলাম বুধবার (৮ এপ্রিল) রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চিকিৎসার জন্য ওই ইমামকে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সংক্রমিত ব্যক্তির বাসা লকডাউনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার বিকেলে পরীক্ষায় জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বাসাটিকেও লকডাউন করা হয়। এছাড়া তিনি যে মসজিদে নামাজ পড়াতেন, সেই মসজিদের মুয়াজ্জিনসহ আরও চার জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

ঢাকা জেলার সিভিল সার্জন কর্মকর্তা ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান সংবাদমাধ্যমকে বলেন, একটি মসজিদের ইমামের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ ছিল। আমরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করেছি। পরীক্ষার ফল সরাসারি ল্যাব থেকে ওই ব্যক্তির কাছে গেছে। তাকে আমরা বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে পাঠাচ্ছি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর