পরোক্ষে ঘ্রাণশক্তিকে নষ্ট করে কোভিড-১৯: গবেষণা

আপনার জ্বর হয়নি। সর্দিও হয়নি। হাঁচি, কাশিও জ্বালিয়ে মারছে না। শুধুই ঘ্রাণশক্তি হারিয়ে ফেলেছেন হঠাৎ। কোনও কিছুরই গন্ধ অনুভব করতে পারছেন না। এ বার এমন উপসর্গ দেখা গেলেও করোনা সংক্রমণের আশঙ্কায় আগেভাগে সতর্ক হওয়াই ভাল। রক্তপরীক্ষার আগেই।

সরাসরি না হলেও, ভয়ঙ্কর কোভিড-১৯ ভাইরাস আমাদের ঘ্রাণশক্তিকে নষ্ট করে দেয়, পরোক্ষে। দিল্লির ‘ইন্দ্রপ্রস্থ ইনস্টিটিউট অফ ইনফর্মেশন টেকনোলজি’-র একটি সাম্প্রতিক গবেষণা এই দাবি করেছে। ফলে, নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ হতে পারে হঠাৎ ঘ্রাণশক্তি হারিয়ে ফেলা। মাসখানেক আগে ব্রিটেনের চিকিৎসকদের একটি গবেষণাও এমন দাবি করেছিল।

গবেষণাপত্রটি অবশ্য এখনও কোনও আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নালে প্রকাশিত হয়নি। অন্য বিজ্ঞানীরা গবেষণার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন।

গবেষকরা জানিয়েছেন, কোভিড-১৯ ভাইরাস আমাদের মস্তিষ্কের নিউরনগুলির কোনও ক্ষতি করে না। কিন্তু আমাদের নাসারন্ধ্রের উপরের স্তরে থাকা এক ধরনের কোষের ক্ষতি করে। এই কোষগুলিকে বলা হয়, ‘সাসটেনটাকুলার কোষ’ এবং ‘ব্যাসাল কোষ’। এই ব্যাসাল কোষগুলি নাসারন্ধ্রের উপরের স্তরে সাজানো থাকে সমান্তরাল ভাবে।

নাসারন্ধ্রের এই দু’ধরনের কোষের জন্যই যে আমরা কোনও কিছুর ঘ্রাণ নিতে পারি, তা কিন্তু নয়। এই দু’ধরনের কোষ আদতে আমাদের ঘ্রাণশক্তির সহায়ক। যে কোষগুলির জন্য আমরা বিভিন্ন জিনিসের ঘ্রাণ নিতে পারি, এই দু’ধরনের কোষ তাদের সাহায্য করে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর