করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষদের পাশে অনেক আগেই দাড়িয়েছেন ক্রিকেটাররা। দাড়িয়েছেন সাকিবও। আবারো এগিয়ে আসলেন দেশ সেরা এই ক্রিকেটার। গঠন করেছেন ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশনের মাধ্যমে তহবিল গঠন করছেন সাকিব, যা ব্যবহৃত হচ্ছে নিম্ন আয়ের মানুষের সাহায্যার্থে।
এর আগে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনে’ ২০ লাখ টাকার তহবিল সংগ্রহ করে দেয় কনফিডেন্স গ্রুপ। আর এই অর্থ দিয়ে হাসপাতালের জন্য টেস্টিং কিট ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানিয়েছিলেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান।
এবার আরো ২০ লাখ টাকার তহবিল গঠন করেছে সাকিব আল হাসান ফাউন্ডেশন। নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে (ভেরিফাইড) সাকিব আল হাসান একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম।
আশা করি সবাই সুস্থ, নিরাপদে ও ভাল আছেন। আমি অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে সাকিব আল হাসান ফাউন্ডেশন ও মিশন সেইভ বাংলাদেশ ২০ লক্ষ টাকার আরো একটি ফান্ড গঠন করেছে। এবং এই প্রাপ্ত অর্থ দিয়ে গরিব, দুস্থ মানুষের খাবারের ব্যবস্থা করা হবে। আমি আশা করব আপনারাও যার যার জায়গা থেকে এরকম সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়াবেন। ধন্যবাদ সবাইকে।’
কেএ/বার্তাবাজার