বঙ্গবন্ধুকে কটূক্তি করায় আবারও ইবি শিক্ষার্থী বহিষ্কার

সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটুক্তি ও কুরুচীপূর্ণ স্ট্যাটাস প্রদান করায় বাংলাদেশ ছাত্র মৈত্রী, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার কর্মী আশিকুল ইসলামকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ঐ শিক্ষার্থীর দাবি তার আইডি হ্যাক হয়েছিল।

বহিষ্কৃত আশিকুল ইসলাম পাটওয়ারী আরবি ভাষা ও সাহিত্য বিভাগের, ১৬-১৭ শিক্ষাবর্ষে অধ্যায়নরত। তার রােল নং-১৬১১০২১।
বুধবার (৮ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ সাক্ষরিত এক অফিস আদেশ থেকে বহিষ্কারের বিষয়টি জানা যায়।

ঐ অফিস আদেশে বলা হয়, সামাজিক যােগাযোগ মাধ্যম ফেসবুকে এরূপ মন্তব্য জাতির পিতার প্রতি অসম্মানজনক যা ইসলামী বিশ্ববিদ্যালয়েরও ভাবমুর্তি বিনষ্ট করেছে বিধায় উক্ত ছাত্র আশিকুল ইসলাম পাটোয়ারীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

ঐ অফিস আদেশে আরো বলা হয়, কেন তাকে চূড়ান্তভাবে বহিস্কার করা হবে না, তা বিশ্ববিদ্যালয় খােলার পর ০৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানাের জন্য বলা হলাে।

এছাড়া, সার্বিক বিষয়টি তদন্তপূর্বক রিপাের্ট পেশ করার জন্য উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মনকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন। কমিটির অন্য দুই সদস্য হলেন, আইন বিভাগের অধ্যাপক ড. রেহেনা পারভিন এবং পরিসংখ্যান বিভাগের সভাপতি ড.সাজ্জাদ হোসেন।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার নিয়ে অবমাননাকর মন্তব্য করায় ছন্দ নামের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে ইবি প্রশাসন।

এ ঘটনার জের ধরে ৮ এপ্রিল আশিকুল ইসলাম পাটওয়ারী, বঙ্গবন্ধু হত্যার বিচারকে ব্যবসা এবং বঙ্গবন্ধুকে ফেরেস্তারূপে হাজির করা হইতেছে বলে ব্যাঙ্গ বিদ্রূপ করে (তার ব্যাক্তিগত আইডি থেকে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দেন।

এতে তিনি লিখেন, বঙ্গবন্ধুকে ফেরেশতারূপে হাজির করা হইতেছে সর্বত্র ভালাে। তাে আপনাদের এখন কর্তব্য হইলাে- এই ফেরেশতার আদর্শ অনুসরণ করা। যেহেতু দাবী করেন, আপনারা ফেরেশতার আদর্শের দল, গঠনে-গাঠনে। আদর্শ অনুসরণ মানে হইলাে- ফেরেশতার দ্বারা দুর্নীতি, মিথ্যা দূরে থাক কোন পাপ কাজ হওয়াই সম্ভব না, আপনার মধ্যেও এগুলা ফুটে উঠা। অথচ, আপনি হইতেছেন তার পুরা উল্টো!

আপনি দুনিয়ার বেবাক পাপ কাজগুলা কইরা ফেরেশতা দ্বারা পাপমুক্তি নিতেছেন। যেন খ্রিষ্টধর্মের ওই বিশ্বাস অনুযায়ী যে, যিশু নিজে মরে তার সকল অনুসারীদের পাপমুক্তির সত্যায়ন করে গেছেন। তাে, এখন অবস্থাদৃষ্টে মনে হয়, ফেরেশতার এই সিলটাই সকল দুর্নীতি, অন্যায়, জুলুমের আখড়ায় পরিগণিত হইতেছে। অথচ, হওয়ার কথা ছিল তার পুরাে উল্টা! তাে এখন যতই বঙ্গবন্ধুর হত্যার বিচার নিয়ে হৈহৈ দেখতেছেন, তার অধিকাংশই ব্যবসা, নিজের চলতি কিংবা ভবিতব্য পাপকাজগুলারে বৈধ করা করার প্রচেষ্টা।

তবে আশিকুল ইসলাম পাটোয়ারী মুঠোফোনে দাবী করেন, তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছিল। ঐ পোস্টের বিষয়ে তিনি জানেন না।উল্লেখ্য, এর আগে বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্র মৈত্রী, ইবি শাখা থেকে আশিকুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। সংগঠনের সভাপতি ও সম্পাদকের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এদিকে এ স্টাটাসের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবী জানানো হয় বলে জানা গেছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর