এবার ত্রাণসহ শালা-দুলাভাই আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আমিরপুর গ্রাম থেকে ৬৮ প্যাকেট ত্রাণ সামগ্রীসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন, জেলা পরিষদ সদস্য ফারুক হোসেন ও তার দুলাভাই দিলদার হোসেন।

বুধবার বিকেলে জেলা পরিষদ সদস্যের ভগ্নিপতির বাড়ি থেকে ত্রাণ সামগ্রীগুলো উদ্ধার করা হয়।

আটক ফারুখ ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও দিলদার একই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর, কুসুম্বা ও আওলাই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদ সদস্য ফারুখ হোসেন দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে ত্রাণ সামগ্রীগুলো তার দুলাভাইয়ের বাড়িতে রাখেন।

তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী ত্রাণ সামগ্রীগুলো দ্রুততম সময়ের মধ্যে বিতরণের কথা থাকলেও তিনি অসৎ উদ্দেশ্যে সেগুলো মজুত করেছেন এমন খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে ত্রাণের মালামালসহ ওই ২ জনকে আটক করা হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর