করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে স্বেচ্ছায় ‘লকডাউন’ ঘোষণা করেছে মাগুরার শ্রীপুরের কাদিরপাড়া গ্রামবাসী।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘোষণা দেন তারা।
কাদিরপাড়া গ্রামবাসী জানান, আশপাশের গ্রাম থেকে লোকজন আমাদের গ্রামে আসে। এতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। তাই নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী গ্রামটি ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ গ্রাম থেকে বের হচ্ছেন না। আবার বাইরের কাউকে গ্রামে ঢুকতেও দেওয়া হচ্ছে না।
বুধবার সকাল থেকে গ্রামটিতে প্রবেশের কয়েকটি পথ বাঁশ দিয়ে আটকে দিয়েছেন স্থানীয় যুবকরা । সেখানে একটি নোটিশও টাঙিয়ে দেওয়া হয়েছে। নোটিশে লেখা আছে- অপরিচিত মানুষের গ্রামে প্রবেশ নিষেধ।সরকারের নির্দেশ মেনে চলুন।
ওই গ্রামের একাধিক বাসিন্দা বলেন, আড্ডা দেওয়ার জন্য প্রতিদিন অনেক বহিরাগত গ্রামে আসেন। তারা সামাজিক দূরত্ব বজায় না রেখে অবাধে মানুষের সঙ্গে আড্ডা দেন ও চলাফেরা করেন।
এতে গ্রামে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। তাই ঝুঁকি এড়াতেই সচেতন গ্রামবাসী নিজেরা আলোচনা করে প্রাণঘাতী করোনা থেকে গ্রামটি রক্ষা করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়।
ইউপি মেম্বার মোঃনজরুল ইসলাম জানান, কোন অপরিচিত ব্যক্তি আমাদের গ্রামে আসতে পারবেনা।করোনার এই মহামারি থেকে নিজেদেরকে বাচার জন্য আমরা গ্রামবাসি এই উদ্দ্যেগ গ্রহণ করেছি।
কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:লিয়াকত আলী বিশ্বাস জানান,কাদিরপাড়া গ্রামে ঢাকা থেকে ইলিয়াস নামে একব্যক্তি এসেছে। অনেকেই সন্দেহ করেছে তার কিছু সমস্যা রয়েছে । তাই ওই এলাকায় আপতত লকডাউন করা হয়েছে।
কেএ/বার্তাবাজার