দিনাজপুরে সাড়ে ১১শ’ ইজিবাইক চালকের মাঝে ত্রাণ বিতরণ

বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দিনাজপুর শহরের ১ হাজার ১৫০ জন ইজিবাইক চালকের মাঝে ত্রাণ বিতরণ করে দিনাজপুর জেলা প্রশাসন। এসময় সবাইকে সামাজিক দূরত্ব মেনে এবং জনসমাগম এড়িয়ে সুষ্ঠুভাবে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।

আজ বুধবার (৮ এপ্রিল) বিকাল ৫টায় দিনাজপুর শহরের গোর-এ শহীদ বড় ময়দানে এই ত্রাণ বিতরণ করা হয়।

দিনাজপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের অটোবাইক সমিতির নিবন্ধনভুক্ত ১ হাজার ১৫০ জন ইজিবাইক চালকের মাঝে ত্রাণ সমাগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

এছাড়াও দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজেম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মো. মাহফুজুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মো. শরীফ ইসলামসহ প্রমুখ।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, ‘আগামীকাল ৯ এপ্রিল থেকে দিনাজপুর শহরে ইজিবাইক চলাচলে কড়াকড়ি আরোপ করা হবে। শ্রমিকরা যাতে ঘর থেকে বের না হয় এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে। বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস প্রতিরোধে শ্রমিক ভাইদের সহযোগিতা প্রয়োজন।’

দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দিনাজপুরে ১ হাজার ১৫০ জন অটো শ্রমিককে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, আধা কেজি লবণ, সাবান দেওয়া হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে দিনাজপুরে কঠোর অবস্থানে যাচ্ছি আমরা। করোনাভাইরাস প্রতিরোধে সবাই ঘরে থেকে আমাদের সহযোগিতা করার আহবান জানান তিনি।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর