গণস্বাস্থ্য কেন্দ্রকে ৫ করোনা রোগীর রক্ত দিয়েছে সরকার

প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তের জন্য ‘র‌্যাপিড ডট ব্লট’ নামের একটি কিট স্বল্পমূল্যে ও অতি অল্প সময়ের মধ্যেই তৈরী করেছিল গণস্বাস্থ্য কেন্দ্র। ইতিমধ্যে চীন থেকে কিট তৈরির সরঞ্জামও এসেছে গণস্বাস্থ্য কেন্দ্রে। কিট তৈরির পর এর গবেষণায় বাংলাদেশে করোনা আক্রান্ত এমন পাঁচ রোগীর রক্ত সরকারের কাছে চেয়েছিল তারা।

অবশেষে মঙ্গবার (৭ এপ্রিল) রাতে সেই রক্ত গণস্বাস্থ্য কেন্দ্রকে দিয়েছে সরকার। বুধবার (৮ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ‘গতকাল রাত ৮টায় রক্ত পেয়েছি। তারা ফোন করেছিল, আমরা গিয়ে নিয়ে এসেছি। আমাদের গবেষণা চলছে।’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘ওষুধ প্রশাসন অধিদফতরের নির্বাচিত সাতজন পরিদর্শনে গেছে। গতকাল ১টার সময় গিয়ে সব দেখে এসেছেন তারা।’

এর আগে, ৫ এপ্রিল ১০ হাজার কিট তৈরির সরঞ্জাম আসে চীন থেকে। এরপর জাফরুল্লাহ চৌধুরী জানান, যে পরিমাণ সরঞ্জাম এসেছে, তাতে আমরা ১০ হাজার সরঞ্জাম বানাতে পারব। আরও সরঞ্জাম আসছে। সেগুলো এলে এপ্রিল মাসের মধ্যে ১ লাখ কিট তৈরি করা যাবে। ।।জাগো নিউজ।।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর