দেশে ঢাকা ও নারায়ণগঞ্জ বিচ্ছিন্ন ঘোষণার পর যশোর জেলাকেও করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রবেশে বিধিনিষেধ দেওয়া হয়েছে। বাইরে থেকেও কোনো লোকজনকে যশোরে ঢুকতে দেওয়া হবে না।
জরুরি কোনো প্রয়োজনে বাইরের জেলা থেকে যশোরে প্রবেশ করতে হলে অবশ্যই যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগ করতে হবে।এ জেলার সকল অধিবাসীদের জন্যেও একই আদেশ প্রযোজ্য থাকবে।
মঙ্গলবার(০৭ই এপ্রিল) রাত ১০:২৪ মিনিটে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে এ ঘোষণা দেন। যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ আজ বুধবার এই তথ্য নিশ্চিত করে বলেন,আমাদের কাছে তথ্য রয়েছে ঢাকা ও নারায়ণগঞ্জ বিচ্ছিন্ন ঘোষণার পর সেখান থেকে মানুষ যশোরে ফিরতে শুরু করেছে।
যানবাহন বন্ধ থাকলেও মানুষ পায়ে হেঁটেসহ বিভিন্নভাবে যশোরে প্রবেশ করছে।যশোরকে করোনা মুক্ত রাখতে লোকজন প্রবেশে বিধিনিষেধ দেওয়া হয়েছে।এখানে কাউকে প্রবেশ করতে হলে ইউএনও বা জেলা নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগ করতে হবে।
তাহলে আমরা বুঝতে পারব,কোন এলাকায় কী ধরনের পদক্ষেপ নিতে হবে।অন্তত ওই এলাকায় জনপ্রতিনিধিদের কাছে তথ্য দিতে পারব।এ জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।জেলা নিয়ন্ত্রণ কক্ষের নম্বর- ০১৩১৮-২৫২৯২৫, ০১৩১৮-২৫২৯৫০, ০৪২১-৭১০০০, ০৪২১-৭১০০১’ তিনি আরো বলেন,যশোরে প্রবেশে বিধিনিষেধ আরোপের পর সকাল থেকে বেশ কয়েকজনের তথ্য আমাদের কাছে এসেছে।তারা নারায়ণগঞ্জ থেকে যশোরে এসে আশ্রয় নিয়েছে।
এ ধরনের লোকজনের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে।এবং অন্য কোন জেলা থেকে যশোরে এসে তথ্য গোপন করে ঘোরা-ফেরা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়া হবে।
কেএ/বার্তাবাজার