কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশ কার্যত ‘লক ডাউন’ অবস্থায় রয়েছে। এতে করে সবচেয়ে দূর্ভোগে পড়েছেন দৈনিক রোজগারের উপর নির্ভরশীল খেটে খাওয়া অসহায় ও দুঃস্থ মানুষ।
সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যদিও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে; কিন্তু এরপরও তা পর্যাপ্ত নয় বিধায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও ত্রাণ বিতরণ চলছে।
এরই ধারাবাহিকতায় করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে অসহায় ও দরিদ্র মানুষদের সহায়তার জন্য ব্যক্তিগত তহবিল থেকে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট তহবিলে ৫০ হাজার টাকা প্রদান করেছেন গাজীপুরে কর্মরত ৩৭তম বিসিএস (প্রশাসন) ব্যাচের ৪জন সহকারী কমিশনার। বুধবার (৮ এপ্রিল) অর্থ সহায়তা হিসেবে জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলামের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন ওই চার কর্মকর্তা।
তারা হলেন- সহকারী কমিশনার ওয়াসিউজ্জামান চৌধুরী (মিডিয়া ও রিসার্চ সেল, জেনারেল সার্টিফিকেট শাখা), উম্মে হাবিবা ফারজানা (আইসিটি ও শিক্ষা কল্যাণ শাখা), মোস্তফা আব্দুল্লাহ আল-নূর (ট্রেজারি শাখা, গোপনীয় শাখা) এবং মনিষা রানী কর্মকার (লাইব্রেরী শাখা, জে.এম. শাখা, প্রবাসী কল্যাণ শাখা)।
প্রসঙ্গত, ৩৭ তম বিসিএস (প্রশাসন) ব্যাচের ওই ৪ কর্মকর্তা সহকারী কমিশনার হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত রয়েছেন।
এব্যাপারে মুঠোফোনে সহকারী কমিশনার মনিষা রানী কর্মকার জানান, দেশের এই দুঃসময়ে গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এদের জন্য সরকার সাধ্যমতো করছে।
কিন্তু কেবল সরকারের দিকে তাকিয়ে থাকলে হবেনা এবং আমাদের যার যার সক্ষমতা অনুযায়ী দায়িত্ববোধের বিষয়টিও এড়িয়ে যাওয়া যাবেনা। এই বিবেচনায় আমরা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত চারজন সহকারী কমিশনার ৫০ হাজার টাকা প্রদান করেছি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গাজীপুর জেলা প্রশাসন সর্বোচ্চ উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করে চলেছে।
এসময় সমাজের বিত্তবান শ্রেণি সহ সকলেই অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়াচ্ছেন যা আশাপ্রদ। আজ (বুধবার) আমাদের চার কর্মকর্তা তাদের ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা জেলা প্রশাসনের সংশ্লিষ্ট তহবিলে প্রদান করেছেন যা নিঃসন্দেহে অন্যদেরকেও মানবিক কাজে এগিয়ে আসার অনুপ্রেরণা জোগাবে।
কেএ/বার্তাবাজার