নিজের পিস্তলের গুলিতে আহত পুলিশের এএসআই

নিজের পিস্তলের গুলিতে নিজেই আহত হয়েছেন পুলিশের এক এএসআই। বুধবার (৮ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোবিন্দপুর হাই স্কুল মাঠে এই ঘটনা ঘটেছে।

উপজেলার চৌমুহনী ইউনিয়নের গ্রাম পুলিশ রফিক মিয়া বলেন, এলাকার কিছু ছেলে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে করোনার মাঝেই প্রতিদিন খেলাধুলা করতো। এলাকার লোকজন খেলতে নিষেধ করায় শুনেনি তারা। পরে গ্রাম পুলিশ রফিক গিয়ে বাধা দেয় কিন্তু তারা বাধা শুনেনি। বুধবার দুপুরে স্থানীয় ফাঁড়ির এএসআই শাহিন আহমেদ একজন পুলিশ সদস্যসহ ঘটনাস্থলে গিয়ে ছেলে গুলোকে খেলতে নিষেধ করে। তখন এক যুবকের নেতৃত্বে কিছু ছেলে এএসআই শাহিনের উপর ক্ষিপ্ত হয়।

তাদের কাছ থেকে নিজেকে রক্ষা করতে শাহিন পিস্তল বের করার সময় মিসফায়ার হয়। এতে এএসআই শাহিন নিজেই পায়ে গুলিবিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন জানান, এএসআই শাহিন নিয়মিত ডিউটি করার সময় মোটর সাইকেল থেকে নেমে পিস্তল বের করার সময় মিস ফায়ার হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর