ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা দরের ৪০০ বস্তা চালসহ নৌকাডুবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১০ টাকা কেজি দরের ৪০০ বস্তা চালসহ একটি নৌকা ডুবে গেছে।

বুধবার (০৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা সদরের স্পিডবোড ঘাটের কাছে তিতাস নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। চালের বস্তাগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

চালগুলো নবীনগর খাদ্যগুদাম থেকে একই উপজেলার বীরগাঁও ইউনিয়নে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে চালগুলো কোন ডিলারের সেটি নিশ্চিত করে জানা যায়নি। চালের বস্তাগুলো উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, খাদ্যগুদাম থেকে নদীপথে দুইটি নৌকায় করে ৫২৮ বস্তা চাল বীরগাঁওয়ে যাচ্ছিল। এর মধ্যে একটি নৌকায় ১২৮ বস্তা ও আরেকটিতে ৪০০ বস্তা চাল নেয়া হয়। ৪০০ বস্তা চালবোঝাই নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর