কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে রিকশা আরোহী নারী নিহত

ঢাকার সাভারে দ্রুতগামী কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মরিয়ম বেগম (৩৫) নামের এক রিকশা আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। গতকাল বুধবার (৮ এপ্রিল) সাড়ে এগারটার দিকে সাভার পৌরসভার গেন্ডা বাস স্ট্যান্ডের উপজেলা কমপ্লেক্সের গেটে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহত হন মরিয়ম নামের ওই মহিলার গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। তিনি সাভারের রেডিওকলোনিতে বসবাস করতেন বলে জানা যায়।

ছবি: বার্তা বাজার

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রিক্সাযোগে তিনজন লোক যাচ্ছিলেন আল-মুসলিম গার্মেন্টসে। রিকশাটি সাভার গেন্ডা এলাকায় উপজেলা কমপ্লেক্সের ফটকের সামনে পৌঁছালে গেন্ডা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা কিছু স্বেচ্ছাসেবক রিকশাটিকে তাড়া করেন। এসময় রিক্সাটি অতর্কিতভাবে ঘুরতে গিয়ে একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার সাথে সাথে রিকশার আরোহীদের ভিতর থেকে এক মহিলা রাস্তায় ছিটকে পড়ে যান এবং কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এব্যাপারে সাভার মডেল থানার ‘ডিউটি অফিসার’ জানান, নিহতের লাশ সাভার হাইওয়ে থানা নিয়ে গেছে এবং এবিষয়টির পরবর্তী আইনী প্রক্রিয়া তারা সম্পন্ন করবেন। ঘাতক কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ঘটনাস্থলে কর্তব্যরত সাভার থানার উপ-পরিদর্শক পাভেল মোল্লা জানান, কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মরিয়ম ঘটনাস্থলেই মারা যান। রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে মুঠোফোনে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কে কয়েকবার কল করা হলেও তিনি ব্যস্ত থাকায় এবিষয়ে কিছু জানা যায়নি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর