মবিলের দোকানে আগুন, দরজা ভেঙে মালিককে উদ্ধার করলো পুলিশ

ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ব্যবসায়ীর ৩টি দোকান। এতে পুড়ে ছাই হয়েছে ১০ লক্ষাধিক টাকার মালামাল। দোকানের ভেতর আটকে পড়া ব্যবসায়ীকে এসে দরজা ভেঙে উদ্ধার করেছে পুলিশ। কুড়িগ্রামের চিলমারীতে বুধবার (৮ এপ্রিল) প্রথম প্রহরে ভয়াবহ অগ্নিকান্ডের এই ঘটনা ঘটেছে।

জানা যায়, চিলমারির কলেজ মোড় এলাকায় রফিকুল ইসলামের গাড়ির গ্যারেজ, পার্টস ও মবিলের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। এতে পুড়ে যায় রবিউল ইসলামের একটি দোকান।

খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

এলাকাবাসী জানায়, রাত দেড়টার দিকে লাগা এই আগুনে রফিকুলের দোকানের মালামাল, ছাগল, পাখি, কবুতর ও রবিউলের দোকানের মালামাল মিলিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দোকানের ভেতর আটকে পড়া ব্যবসায়ী রফিকুলকে দরজা ভেঙে উদ্ধার করেছে চিলমারী থানা পুলিশ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর