করোনা: জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে প্রথমবারের মতো জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আগামী বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠক হবে।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাস নিয়ে বৈঠকের দিন ঠিক করা হয়েছে। তবে ওই বৈঠকে করোনা নিয়ে কী ধরনের আলোচনা হতে পারে, সে ব্যাপারে তেমন কিছু জানা যায়নি।

এর আগে গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ ব্যাপারে যুক্তরাষ্ট্র, চীনসহ আরো ৯টি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন। গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে প্রথম ছড়ায় প্রাণঘাতী এ ভাইরাস। দেশটিতে দ্বিতীয় দফায় তা ছড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

পুরো বিশ্বে হু হু করে বাড়ছে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। বিশ্বের অন্তত ১৩১টিরও বেশি দেশে চলছে লকডাউন। থেমে নেই মৃত্যুর মিছিল, প্রতি মুহূর্তেই বাড়ছে মৃতের সংখ্যা। সর্বশেষ খবর অনুযায়ী বিশ্বের ২০৯টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর