হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দিচ্ছেন নৈশ প্রহরী!

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও ঢিলেঢালা অবস্থায় চলছে পিরোজপুরের ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিতসাসেবা। মাত্র একজন ডাক্তারই সেখানে ভরসা। এর মাঝে বিপদে পড়েছেন রোগীরা। স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ প্রহরী আল-আমিনই যেন সবার ত্রাতা হিসাবে আবির্ভাব হয়েছেন।

ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, চিকিৎসার জন্য অনেক মানুষ আসলেও তাদের সেবা দেয়ার মত লোকবল সেখানে নেই। করোনার ভয়ে অনেক ব্যাক্তি সর্দি কাশি হলেই ছুটে আসছেন ডাক্তারের কাছে। কিন্তু নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন তারা। এর মাঝে কেউ কাঁটা ছেড়া নিয়ে আসলে যত্নসহকারে তাদের সেলাই ও প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন নৈশ প্রহরী আল আমিন।

স্থানীয় লোকজন জানান, নৈশপ্রহরী আল আমিন না থাকলে কমপ্লেক্সের কার্যক্রম অচল হয়ে যেত। আল আমিন চিকিৎসা সেবায় রোগীদের কাছ থেকে টাকা আদায় করেন বলেও অভিযোগ পাওয়া যায়।

তবে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে নৈশপ্রহরী আল আমিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট থাকায় টুকটাক সেলাইসহ প্রয়োজনীয় কাজ তিনি করে থাকেন।

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার মো. আমিন উল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ছয়জন ডাক্তার ছিল। তাদের বিভিন্ন কারণে পিরোজপুর, বরিশাল বদলি করা হয়েছে। এ জন্য স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে। তবে ডাক্তার না থাকায় নৈশপ্রহরী দিয়েই টুকটাক চিকিৎসার কাজ চালানো হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর