আলফাডাঙ্গায় প্রশাসনের ত্রাণ তহবিলে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের অনুদান
নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিয়েছে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন নামে একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমানের নিকট সংস্থাটির প্রতিনিধি দল উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে নগদ এক লক্ষ টাকা হস্তান্তর করেন।
জানা যায়, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন উপজেলার অসহায়, দুস্থ মানুষের তালিকা করে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌঁছে দিচ্ছে সংস্থাটি। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা তৈরিতেও কাজ করছে।
ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) উপজেলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে আসছে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন।
তিন উপজেলাতে স্বাস্থ্য ও চিকিৎসাসেবা, শিক্ষাবৃত্তি, বেকার জনগোষ্ঠীকে দক্ষ করে তুলতে কম্পিউটার প্রশিক্ষণ, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে আর্থিক সহায়তা, শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ সেবামূলক কাজ করে আসছে। এছাড়া ফাউন্ডেশনের উদ্যোগে শত শত কর্মহীন বেকার জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে।
কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মানুষ বাধ্য হয়ে গৃহবন্দী হয়ে পড়েছে। কর্মঝুঁকিতে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষ। আয় নেই, তাই খাদ্য সংকট দেখা দিয়েছে তাদের ঘরে। কাঞ্চন মুন্সী ফাউন্ডেশ তাদের পাশে দাঁড়িয়েছে।
তিনি বলেন, উপজেল প্রশাসন দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে আমরা অনুদানের অর্থ উপজেলা প্রশাসনের হাতে তুলে দিচ্ছি। এর বাইরেও তালিকা তৈরি করে দুস্থ ও অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম পৌঁছে দিচ্ছি।
সংস্থাটির চেয়ারম্যান আরো বলেন, প্রাথমিক পর্যায়ে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনকে অনুদানের অর্থ হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে বোয়ালমারী ও মধুখালী উপজেলা প্রশাসনের কাছেও অনুদানের অর্থ পৌঁছে দেয়া হবে।
কেএ/বার্তাবাজার