জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সেই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকে সাজ্জাদ হােসেন সাজু নামে জনৈক ব্যক্তির ফেসবুক স্ট্যাটাসে (কেউ পারেনি যা, পেরেছে করােনাঃ করােনার ভয়ে ভারত থেকে পালিয়ে এসে ঢাকায় গ্রেপ্তার বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মাজেদ #স্বরাষ্ট্রমন্ত্রী”)।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এম.এ শ্রেণীর ছাত্রী তানজিনা সুলতানা ছন্দ, রােল নং ১৮০৯০৭৩ শিক্ষাবর্ষ ২০১৮-২০১৯ (ফেসবুক আইডি- ‘কোমল ছন্দ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ম্পকে অবমাননাকর এবং মর্যাদাহানিকর মন্তব্য করে।
সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকে এরূপ মন্তব্য জাতির পিতার প্রতি অসম্মানজনক যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিনষ্ট করেছে বিধায় উক্ত ছাত্রী তানজিদা সুলতানা ছন্দকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলাে।
ঐ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কেন তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তা বিশ্ববিদ্যালয় খােলার পর ০৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানাের জন্য বলা হলাে।
এছাড়া সার্বিক বিষয়টি তদন্তপূর্বক রিপাের্ট পেশ করার জন্য উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন। কমিটির অন্য দুই সদস্য হলেন, আইন বিভাগের অধ্যাপক ড. রেহেনা পারভিন এবং পরিসংখ্যান বিভাগের সভাপতি ড.সাজ্জাদ হোসেন।
কেএ/বার্তাবাজার