গোপনে কিস্তি আদায়ের পরিকল্পনা, টিএমএসএসের ম্যানেজারসহ ১৫ কর্মী আটক

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করায় ঠাকুরগাঁও শহরে বেসরকারি এনজিও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) ম্যানেজারসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে শহরের শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটকদের মধ্যে রয়েছে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) ঠাকুরগাঁও জোন অফিসের ম্যানেজার ওয়াকিল আহম্মেদ (৪০) ও ১৪ জন মাঠকর্মী।

পুলিশ জানায়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার। এছাড়াও দেশের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড সচল না হওয়া পর্যন্ত সকল এনজিওসমূহকে জোরপূর্বক কিস্তি আদায় থেকে বিরত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

সেই নির্দেশনা অমান্য করে ঠাকুরগাঁওয়ে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) ঢালাওভাবে কিস্তি আদায় কার্যক্রম অব্যাহত রেখেছে এমন সংবাদে্র ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শহরের শান্তিনগর এলাকায় অবস্থিত ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ জোন অফিসে অভিযান চালিয়ে ম্যানেজার ওয়াকিল আহম্মেদসহ ১৪ জন মাঠকর্মীকে আটক করা হয় এবং তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

আটকরা ভ্রাম্যমাণ আদালতে তাদের দোষ স্বীকার করলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন আটক ১৫ জনের প্রত্যেককে এক হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) ঠাকুরগাঁও জোন অফিস বন্ধ করে দেয়া হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর