সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে সংরক্ষিত নারী সদস্যসহ ৩ ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কাজিপুর উপজেলার সোনামূখী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য আমির হোসেন (৫০), ৬ নং ওয়ার্ডের সদস্য আসাদুল (৪৫) ও সংরক্ষিত নারী সদস্য শহরবানু (৪২)।
কাজিপুর থানার ওসি এ কে এম লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরের দিকে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় হরিনাথপুর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ওই ৩ ইউপি সদস্য স্থানীয় ডিলার আব্দুর রাজ্জাকের যোগসাজসে এই ১০ টাকা কেজি চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও আত্মসাতের অভিযোগে তাদের গ্রেফতার করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ প্রসঙ্গে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী নারীসহ ওই ৩ ইউপি সদস্যকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে দরিদ্র মানুষের মাঝে এই চাল বিতরণে তাদের বিরুদ্ধে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ রয়েছে। তবে এ ঘটনাটি এখনও তদন্ত চলছে এবং ডিলার রাজ্জাকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
কেএ/বার্তাবাজার