দেশের পর্যটন খাতে ইতোমধ্যেই ক্ষতি হয়েছে ৫ হাজার ৭০০ কোটি টাকা

মহামারি করোনা ভাইরাস সংকটে বাংলাদেশের পর্যটন শিল্পে ধ্বস নেমেছে। ক্ষতি হয়েছে প্রায় ৫ হাজার ৭০০ কোটি টাকা। পর্যটনের সাথে জড়িত প্রায় ৪০ লাখ লোক এখন বেকার হয়ে দিন যাপন করছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর সভাপতি মো. রাফেউজ্জামান এক চিঠিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হককে এই তথ্য জানিয়েছেন।

টোয়াব সভাপতি লিখেছেন, করোনাভাইরাসের প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প। এই ভাইরাসের কারণে আউটবাউন্ড, ইনবাউন্ড ও আভ্যন্তরীণ পর্যটনের শতভাগ বুকিং বাতিল হয়েছে। বাংলাদেশে জানুয়ারির মাঝামাঝি থেকেই পর্যটন খাত কার্যত অচলাবস্থায় রয়েছে। এ কারণে জীবিকা নিয়ে গভীর অনিশ্চয়তায় পড়েছেন সংশ্লিষ্ট অন্তত ৪০ লাখ পেশাজীবী।

মো. রাফেউজ্জামান আরও বলেন, করোনাভাইরাস মহামারীতে বিশ্বজুড়ে ৫ কোটি মানুষ কাজ হারানোর ঝুঁকিতে আছেন। আমাদের সদস্যদের সঙ্গে কথা বলে আমরা বলতে পারি যে, করোনাভাইরাসের কারণে বাংলাদেশের পর্যটন শিল্পে প্রায় ৫ হাজার ৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এই অবস্থা যদি আরও দীর্ঘস্থায়ী হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। করোনাভাইরাস দুর্যোগ কেটে গেলেও এর ধকল সামলে উঠতে পর্যটন খাতের অন্তত ২ বছর লেগে যেতে পারে। পরিস্থিতির সঙ্গে এ অসম লড়াইয়ে আমরা সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু সরকারের পক্ষ থেকেও সুরক্ষা ও সহযোগিতা জরুরি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর