বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দিনাজপুর শহরের ১টি পাড়ার ১৭০টি পরিবার স্বেচ্ছায় লকডাউনে গেছে।
মঙ্গলবার (৭এপ্রিল) সরেজমিন শহরের সুইহারী আশ্রমপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, ১৭০টি পরিবার স্বেচ্ছায় লকডাউন ঘোষণা করে দুটি ব্যানার টাঙিয়ে দিয়েছে। ব্যানারে লেখা আছে, ‘করোনাভাইরাসের কারণে বহিরাগতদের প্রবেশ নিষেধ।
আশ্রমের প্রধান গেট দিয়ে হাত ধুয়ে স্প্রে করে প্রবেশ করুন। সকলের সহযোগিতা কাম্য।’ আরেকটি ব্যানারে লেখা আছে, করোনাভাইরাসের জন্য হাত ধুয়ে বাড়িতে ঢুকবেন। বহিরাগতদের প্রবেশ নিষেধ।’ সবাই সচেতন ও সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।’ প্রচারে আশ্রমবাসী।
আশ্রমপাড়ার বাসিন্দা চিরঞ্জিত সরকার জানান, বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে আমরা এই লকডাউনের উদ্যোগ গ্রহণ করেছি।
এই পাড়ার ৩টি প্রবেশ পথের মধ্যে ২টি প্রবেশপথ বন্ধ করে দিয়েছি ও ১টি প্রবেশপথে হাতধোয়া ও স্যানেটাইজারের ব্যবস্থা করা হয়েছে। এই পাড়ায় বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে। জরুরি কাজ ছাড়া এই পাড়ার মানুষ বাইরে যাচ্ছেন না। এলাকায় প্রবেশের পূর্বে হাত ভালো করে ধুয়ে জীবানুনাশক স্প্রে করে প্রবেশ করতে বলা হয়েছে।’
কেএ/বার্তাবাজার