গত চারদিনে স্পেনে মৃত্যুর সংখ্যা কম থাকলেও গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় স্পেনে মৃত্যু আবারও আগের দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও অন্তত ৭৪৩ জনের প্রাণ কেড়েছে করোনা।
মঙ্গলবার (০৭ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একদিনের ব্যবধানে দেশে করোনায় প্রাণহানি আবারও বেড়েছে। আগের দিন ৬৩৭ জন মারা গেলেও মঙ্গলবার তা একশো’র বেশি বৃদ্ধি পেয়েছে।
নতুন করে ৭৪৩ জনের প্রাণহানি ঘটায় এই মুহূর্তে বিশ্বে করোনায় মৃত্যুতে দ্বিতীয় শীর্ষস্থানে আছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ৭৯৮ জন।
স্প্যানিশ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছ, দেশে নতুন করে আরও ৫ হাজার ৪৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন এক লাখ ৪০ হাজার ৫১০ এবং সুস্থ হয়েছেন ৪৩ হাজার ২০৮ জন।
গত চারদিন ধরে দেশটিতে করোনায় প্রাণহানির সংখ্যা ছয় শ’র নিচে থাকলেও মঙ্গলবার ব্যতিক্রম চিত্র দেখা গেছে। স্পেন করোনার সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যুর সময় পার হয়ে আসছে বলে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছিলেন। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে আগের চারদিনের রেকর্ড ভেঙে যাওয়ায় তারা আবারও উদ্বেগ প্রকাশ করেছেন।
বার্তাবাজার/এমকে