মুকুট খুলে রেখে করোনা যুদ্ধে সরাসরি ময়দানে নামছেন মিস ইংল্যান্ড

বিউটি কুইনের ক্রাউন ছেড়ে এ বার স্টেথোস্কোপ নিয়ে করোনা যুদ্ধে সরাসরি ময়দানে নামছেন ২০১৯-এর মিস ইংল্যান্ড ভাষা মুখোপাধ্যায়। ইদানীং কলকাতায় ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে সামাজিক কাজে যুক্ত ছিলেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানাচ্ছে, মার্চের শুরুতে মিস ইংল্যান্ড তার জন্মস্থান ভারতে দাতব্য প্রতিষ্ঠান কভেন্ট্রি মার্সিয়া লায়ন্স ক্লাবের আমন্ত্রণে চার সপ্তাহের জন্য এসেছিলেন। এখানে স্কুল শিক্ষার্থীদের সচেতন করে তুলতে ও প্রতিবন্ধীদের সাহায্যে কাজ করছিলেন তিনি।

প্রসঙ্গত, ভাষার আর এক পরিচয়, তিনি চিকিৎসক। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক এই বঙ্গতনয়া।

ইংল্যান্ডে করোনা আক্রান্তদের সংখ্যাবৃদ্ধি দেখে তিনি আর স্থির থাকতে পারেননি। করোনার মোকাবিলায় ফিরে যাচ্ছেন তাঁর পুরনো কাজের জায়গায়। ভাষা সংবাদসংস্থা সিএনএন-কে জানিয়েছেন, “মিস ইংল্যান্ড শিরোপা নিয়ে এই সময় আমার ইংল্যান্ডের পাশে থাকাই সবচেয়ে জরুরি। একজন ডাক্তার হিসেবে আমার এখন পিলগ্রিম হাসপাতালে কাজ করা উচিত। আমি আমার সহকর্মীদের কাছে ওই অঞ্চলের খবর নিয়মিত শুনছি। যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজে যোগ দিতে চাই।”

গত বুধবার ইংল্যান্ডে ফিরেছেন তিনি। ফিরে যদিও সরাসরি কাজে যোগ দিতে পারেননি। নিয়ম মেনে তাঁকেও সপ্তাহ দুয়েক গৃহবন্দি থাকতে হচ্ছে। তারপর তিনি কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন ভাষা। উল্লেখ্য, বোস্টনের এই হাসপাতালেই জুনিয়র চিকিৎসক পদে চাকরি করতেন চিকিৎসা বিষয়ে দুটি পৃথক ডিগ্রিধারী ভাষা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর