মানিকগঞ্জের সিংগাইরে তাবলীগ জামাতের ৬০ বছর বয়সী আব্দুল বাকীর পর আরো ৩ জন মুসল্লির শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
মঙ্গলবার সকালে সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল আমিন আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত তিনজনকে আলাদা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখার প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, গত ২৪ মার্চ ফরিদপুর থেকে ১২ সদস্যের তাবলীগ জামাতের একটি দল সিংগাইর বায়তুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দাওয়াহ মাদ্রাসায় আসে। এদের মধ্যে গত ৪ তারিখ ৬০ বছরের বৃদ্ধ বাকির শরীরে করোনা সনাক্ত করে আইইডিসিআর ।
পরের দিন ওই মাদ্রাসাসহ সিংগাইর পৌর এলাকা লক ডাউন করে তাবলীগ জামাতের সদস্যদের মাদ্রাসায় এবং তাদের সংস্পর্শে আসা স্থানীয় ৬ জনসহ তাদের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখে উপজেলা প্রশাসন। ১১ জনের নমুনা পরীক্ষার পর গতকাল আরো তিনজনের করোনা পজেটিভ রিপোর্ট প্রকাশ পায়। তারা হলেন- মজিবুর রহমান মোল্ল (৮০) হায়দার আলী মোল্লা (৬৫) আমিনুল ইসলাম মোল্লা (৪৭) । তারা সকলেই ফরিদপুরের এবং আক্রান্ত বাকির সফরসঙ্গী।
হাসপাতাল সূত্রে জানা যায়, যাদের রেজাল্ট নেগেটিভ আসছে তাদের থেকে আক্রান্তদের আলাদা করে রাখতে বলা হয়েছে। তাদের সংস্পর্শে আসা সকলকেই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে । বাকিদের করোনা উপসর্গ দেখা দিলে উপজেলা প্রশাসনকে অভিহিত করতে বলা হয়েছে।
বার্তা বাজার/এম.সি