চুয়াডাঙ্গার দামুড়হুদা চারুলিয়ায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জের ধরে সোনা খান (৩৫) নামের একজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। প্রতিপক্ষের দায়ের কোপে রক্তাক্ত জখম সোনা খানকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে।
এ ছাড়া আহত সোনার বড় ভাই ফরহাদ ও মা কানিজ ফাতেমাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আহত সোনা খান বাদী হয়ে ৫ জনের নামে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার চারুলিয়া গ্রামে গোয়ালঘর নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশী দু পরিবারের মধ্যে ওই মারামারির ঘটনা ঘটে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের আরজ আলীর বড় ছেলে ফরহাদের সাথে বসতভিটার জমি নিয়ে প্রতিবেশী মাহাবুবদের সাথে বিরোধ চলে আসছিলো। গত বৃহস্পতিবার প্রতিবেশী মাহাবুব ফরহাদের বসতভিটার সীমানা ঘেষে গোয়ালঘর করতে গেলে ফরহাদ তাতে বাঁধা দেয়। এ নিয়ে দু পরিবারের মধ্যে শুরু হয় বাকবিতান্ডা। এরই এক পর্যায়ে প্রতিপক্ষ মাহাবুব ও দু তার ভাই আপেল ও ছলিম, মাহাবুবের ছেলে মাজহারুল এবং ছলিমের ছেলে রানা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফরহাদের উপর হামলা চালায় এবং ফরহাদ ও তার মা কানিজ ফাতেমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়।
এ সময় মা ও ভাই ফরহাদকে ঠেকাতে সোনা এগিয়ে এলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। স্থানীয় লোকজন রক্তাক্ত জখম সোনাকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা চিৎলা হাসপাতালে নিয়ে ভর্তি করে।
বার্তা বাজার/এম.সি